Breaking News

বৃষ্টি স্বপ্নঃ - লুবনা জেরিন সীমা


বৃষ্টি স্বপ্নঃ

লুবনা জেরিন সীমা


 
বৃষ্টি নামলে কখনো ঘুম আসেনা আমার
কি এক অতৃপ্ত বাসনা পেয়ে বসে মনে।
চোখের ভেতর কত শত ছবি ভেসে ওঠে,
হৃদয়পটে জেগে ওঠে আবেগের উপছানো সব কল্পনার ভীড়।
আনন্দের কথা, দুখের কথা,
না পাওয়ার যত কথা, যন্ত্রণার কথা
তখন বৃষ্টির মত অঝোরে ঝড়ে পড়ে
আমার চোখেরজল।
অথচ এই বৃষ্টিকে ঘিরে একদিন
কতনা রঙিন স্বপ্ন ছিল আমার--
সুন্দর একটি সুখের ঘর হবে,
ভালো একটি বর হবে,
সে ঘর জুড়ে থাকবো দুজন কপোত কপোতীর মতন।
ভাগাভাগি করবো সুখ-দুঃখ,চাওয়া পাওয়া
চাহিদা ভরে করবো সময়ের আলাপন।
যখন অঝোরধারায় বৃষ্টি নামবে
রিমঝিম শব্দ তুলবে হৃদয় পটে।
তখন আমরা জানালার পাশে বসে
গল্প করবো, বৃষ্টি ছুঁয়ে দেখব
হারাবো দুজন মধুর মিলনে।
বৃষ্টির টিপটিপ শব্দে ঘুমিয়ে পড়বো
ক্লান্ত শরীর নিয়ে
অতীতের সুখের ছায়াতলে
বাঁধবো বসতঘর।
বৃষ্টিতে ধুয়ে যাবে যত দুঃখের কান্নার জল
ফুটে উঠবে ভুবনজুড়ে আনন্দের বন্যা।


No comments