Breaking News

কবি কাছেন রাখাইনের কবিতা “দুরন্ত ইচ্ছে গুলো”

 

★দুরন্ত ইচ্ছে গুলো★
-কাছেন রাখাইন
তাং-১৩.১১.২০২১খ্রিঃ।
------------------------------------
কত কি যে ইচ্ছে করে আমার,
সে তুমি জানবে কি?
ইচ্ছে করে সাতদিনের জন্য
তোমাকে সাথে করে নিয়ে যাবো
কোথাও ভিনদেশে, স্বপ্নের রাজ্যে।
সেখানে তোমাকে পৃথিবীর সব ফুলের নাম শেখাবো।
মাটির পাহাড় বুনোঘাসের সঙ্গে
নীলগীরি নীলাচলে নিয়ে যাবো তোমাকে।
নিবিড় অরণ্যে গান গেয়ে গেয়ে মিশে যাবো গভীরে।
ফড়িং, প্রজাপতি, সবুজ দুর্বার ঘাস আর
বনোফুলের নানান রঙিন বাহার দেখে
আনন্দে উল্লাসিত হবে তুমি।
যাবো দূরে কোনো ফাঁকা মাঠে,
তাজিডং আর চিন্বুক পাহাড়েও যাবো,
বসে রবো শুধু তুমি আর আমি,
সে নীলগীরি নীলাচলে।
নানান রঙের পাল তুলে নৌকা চলে যাবে
সারি সারি।
উজান স্রোতের মাতাল হাওয়ার টানে,
ভরে যাবে তোমার কোমল মন;
গেঁয়োপথ, সবুজ ঝোঁপ, শাপলা ফোঁটা বিল দেখে।
তোমাকে গ্রাম দেখাবো আমি,
যা কখনো দেখোনি তুমি।
দেখোনি কোনো উঠোন,
পাটকাঠির বেড়ার তেতর রোদের মিছিল।
শোনোনি নারকেল আর তালপাতার শনশন শব্দ।
শোনোনি কখনো ঝিঁঝিঁপোকার ডাক,
দেখোনি জোনাকিদের রাতভর আসা-যাওয়া।
কখনো দেখোনি তুমি গেঁয়ো বধুর ঘোমটা দিয়ে
বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া।
আসলে আমিও তো গাঁয়েরই ছেলে,
শৈশব, কৈশোর বারোমাস
সেখানেই বাসা বেঁধেছি।
দুরন্ত ছেলের মতো বোঁ বোঁ করে
ঘুরে বেরিয়েছি এপাড়া-ওপাড়া।
আজও রক্তে সেই নেশা জাগে।
তাই ইচ্ছে করে বারবার যাবো সেই গাঁয়ে।
চঞ্চল চড়ুই পাখির কিচিরমিচির ডাক শুনবো,
পেয়ারা আর বড়ই গাছে দুরন্ত মেয়ের বসে থাকা দেখবো।
দেখবো দুপুরের রোদে দামাল ছেলেদের পুকুরে অবাধ সাঁতার কাটা।
যেখানে অকৃত্রিম আনন্দ,
স্বার্থ নেই কোনো।
ইচ্ছে করে তোমাকেও
সেখানে নিয়ে যাই।
তুমি যাবে ওগো প্রিয়দর্শিনী???

No comments