Breaking News

সুইসাইড নোট - আরেফিন শিমুল

সুইসাইড নোট


আরেফিন শিমুল 



আজ হামিদ সাহেবের অফিসে তার শেষ দিন। ফুল দিয়ে কিছু উপঢৌকন দিয়ে কলিগরা তাকে বিদায় জানাচ্ছে সম্মানের সাথে। এই অফিসে হামিদ সাহেব দীর্ঘ সময় কাটিয়েছেন। আজ থেকে তার অনন্ত অবসর। সৎ থাকায় চাকুরীকালীনও তার সংসারে খুব বেশি স্বচ্ছলতা ছিল না। তবে সুখ ছিল। কেন জানি আজ তার এত কষ্ট হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। সন্ধ্যের দিকে হামিদ সাহেব বাড়ি ফিরলেন কলিগদের উপহার নিয়ে। কাঁদো কাঁদো গলায় স্ত্রীকে সেই উপহার দিয়ে বললেন, রোকেয়া বেগম তোমার সারা জীবনের অভিযোগ আমি তোমাকে সময় দিতে পারিনি। আজ থেকে বাকি জীবনটা শুধু তোমাদের জন্যই ব্যয় করবো। রোকেয়াও চোখের পানি ধরে রাখতে পারেনি। স্বামীকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। তাদের সংসারে আরো তিনটি প্রাণী। তিন মেয়ে। ছেলে ছেলে করে তিনটি মেয়ে হয়ে গেলো তাদের। বড় দুই মেয়ে কলেজে পড়ে। ছোট এখনো স্কুলের গণ্ডী পেরুতে পারেনি। এই অবস্থায় হামিদ সাহেবের রিটায়ার্ড। স্বামী স্ত্রী দু'জনই সে রাতে ঘুমোয়নি কিভাবে সংসার চলবে এই চিন্তায়।
বড় মেয়েরা বুঝে তাদের সংসারে আরো একজন ঢুকেছে। তার নাম অভাব। দিন যায় মাস যায় কিন্তু অভাব যায় না। পেটে দু'টো ভাত গেলেও মেয়েদের পড়া-লেখার খরচ যোগাতে হামিদ সাহেব হিমসিম খাচ্ছেন। রুমি, প্রমি, ঝুমি তিন মেয়েই তাদের আদরের ধন। এদিকে রোজ হামিদ সাহেব বিভিন্ন প্রাইভেট অফিসে ধর্না দেন কাজের জন্য।আজকাল নির্দিষ্ট বয়সের চেয়েও একটু বেশিই বয়স্ক দেখায় তাকে। তাই আর কাজ জোগাড় করা হলো না। একদিন সকালে রুমি বাবাকে বলে, আমি আর কলেজে যাবো না। টিউশনি করবো। তোমাকে কাজ খুঁজতে হবে না।অসহায় বাবা কিছুই বললো না
।সবার অলক্ষ্যে ক'ফোটা চোখের জল ফেললো। বাসার পাশেই রুমি দুটো টিউশনি পেয়ে যায়। সবাই খুশি। এই টাকায় সে ছোট দু'বোনকে পড়াবে। রুমি আরো টিউশনি খুঁজতে লাগলো। সংসার চলছে মোটামুটি।নিয়ম করে হামিদ সাহেব রোজ বের হয় কাজের আশায়। যদিও ইতিমধ্যে জেনে গেছে তাকে কেউ কাজ দেবে না। তার তিন মেয়ের মধ্যে প্রমি সবচেয়ে সুন্দরী আর মেধাবী। চঞ্চলও বটে। সামনে তার এইচ এস সি পরীক্ষা। কিন্তু এখন আর লেখাপড়ায় তার মন নেই। বাবা-মায়ের এমনকি বড় বোনের ত্যাগও সে বুঝতে চাচ্ছে না। প্রেমে পড়লো পাড়ার বখাটে ছেলে আবিদের সাথে। দামী দামী উপহার পাচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে। তার ভালোই দিন কাটছে। পরিবারের সবাই যেদিন জেনে গেলো সেদিন মা তাকে খুব বকুনি দিয়েছে। মেরেছেও। রাগে অভিমানে সে রাতেই প্রমি ঘর ছেড়েছে ওই বখাটের সাথে। হামিদ সাহেবের মাথায় আকাশ ভেংগে পড়লো। মানুষকে মুখ দেখাবে কি করে। স্ত্রী আর বড় মেয়েকে বললেন, সারাজীবন আমি আমার সততা দিয়ে যে ইজ্জত কামিয়েছি তা এক মুহূর্তে শেষ করে দিল। রুমির মাথায় হাত দিয়ে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বললেন, তোকে কি করে বিয়ে দেবো? তুই বোনদের জন্য পড়া ছেড়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করলি। আমি বাপ হয়েও কিছু করতে পারলাম না। মা তুই আমাকে মাপ করে দিস। রুমি একফোঁটাও কাঁদলো না। নিজের ঘরে গিয়ে জানালা দিয়ে অনেকক্ষণ খোলা আকাশের দিকে তাকিয়েছিল। নানান রকম চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। পরদিন সে টিউশনির জন্য গেলো। এক গার্ডিয়ান জানিয়ে দিল তাকে আর পড়াতে হবে না। যার বোন এভাবে পালিয়ে গেছে তাকে বাড়িতে এনে নিজের কোন বিপদ ডাকতে চায় না। কারণ তার ঘরে উপযুক্ত ছেলে আছে। যে কয়দিন পড়িয়েছে তার টাকা দিয়ে বিদায় জানালো। দু'চোখে সে অন্ধকার দেখছে। প্রমির কারণে বাবা খুব অসুস্থ হয়ে গেছে। কী করে এতগুলো মানুষের দায়িত্ব পালন করবে। বাড়ি ফিরে কাউকে কিছু না বলে চুপ করে নিজের ঘরে শুয়ে পড়লো। মা অনেক ডাকাডাকি করেও তাকে খাওয়াতে পারেনি। আজ নিজেকে বড় অসহায় লাগছে রুমির। এবার তার দ্বিতীয় টিউশনিটাও চলে গেলো। বাধ্য হয়েই মা'কে বললো। বাইরে বেরুলেই মানুষের গঞ্জনা। হামিদ সাহেবের পরিবারে সুখ বলে আর কিছু নেই। রুমি এবার চাকুরির খোঁজে বের হয়। কিন্তু তার তো ভালো কোন সার্টিফিকেট নেই। কে তাকে চাকুরী দেবে? উপায় না দেখে সে কাছাকাছি এক গার্মেন্টস এ ছোট্ট একটি কাজ নিল। আমাদের সমাজে গার্মেন্টস কর্মীদের মানুষ ভালো চোখে দেখে না। একদিন কাজ শেষে রাত করে সে বাড়ি ফিরছিল। গলির মোড়ে কয়েকটি লাওয়ারিশ কুকুর ঘেউঘেউ করছে। রুমির ভীষণ ভয় হচ্ছিল। যেন সে হাঁটতে পারছিল না। অনেক কষ্টে বাড়ি ফিরল। খাবার সময় বাবা বললো, মা'রে এত রাত করিস না। রাতের রাস্তাঘাট মেয়েদের জন্য নিরাপদ নয়। রুমির স্পষ্ট উত্তর, বাবা আমি তোমার ছেলে। এত ভেবো না। কিচ্ছু হবে না। মা বললেন, শোন মেয়ের কথা। রুমি খাবার শেষে শুয়ে পড়লো। মনে মনে ভাবছে, সে কি সত্যিই তার বাবার ছেলে হতে পারবে? সামান্য কুকুর দেখে যার এত ভয় সে বড় কোন বিপদের মোকাবেলা কি করে করবে? আবোল-তাবোল ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেলো। এদিকে এই কয়েকদিনেই প্রমি জেনে গেলো তার আর সংসার করা হবে না। বখাটে স্বামীর অত্যাচারে সে ফিরে এলো বাবার সংসারে। বাবা-মা প্রথমে মেনে নিতে চায়নি।কিন্তু বড় মেয়ের অনুরোধে তাকে জায়গা দিলো। প্রমিকে নিয়ে বাইরে নানা রকম কথাবার্তা আর ঘরে অভাব। রুমি বেশ শক্ত মনের মেয়ে। সে অফিসে যায়। আজকাল তার ঘরে ফিরতে রাত বেশি হয়। আসলে সে আরো একটি টিউশনি জোগাড় করেছে। অভাবের সাথে লড়াইটা যেন তারই একার। কি করবে বুঝতে পারে না। সে প্রমিকে আবার কলেজে পাঠায়। সবার সুখের চিন্তা একলা তার। তাকে নিয়ে বাবা ছাড়া আর কেউ ভাবে না তেমন। কেন এত রাত হয় বাড়ি ফিরতে তা মা বা বোনেরা কেউ জানতেও চায় না এখন। তবুও রুমির মনে কোন কষ্ট নেই। আজ সকাল থেকেই আবহাওয়া বেশ খারাপ। থেমে থেমেই বৃষ্টি হচ্ছে। রুমি ছাতা মাথায় অফিস চলে গেলো। রাতে অফিস শেষে এত বৃষ্টি যে সে আর টিউশনিতে না গিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাট থমথমে। জন মানব নেই বললেই চলে। ছাতা দিয়ে আর নিজেকে রক্ষা করা যাচ্ছে না। সে ভিজে ভিজেই একাকী হাঁটছে। হঠাৎ একটি প্রাইভেট কার এসে থামলো তার সামনে। এক এক করে পাঁচটি ছেলে নামলো। কিছু বুঝে উঠার আগেই তাকে তুলে নিলো। খুব ভোরে বাড়ির কাছাকাছি রাস্তায় তাকে ফেলে দিয়ে গেল। ততক্ষণে বৃষ্টি সেরেছে। ভোরের আলো ফোটার সাথেসাথে সারারাত জেগে থাকা হামিদ সাহেবের কাছে খবর যেতেই তিনি এসে প্রায় বেহুঁশ মেয়েকে বাড়ি নিয়ে গেলেন। কারো বুঝার বাকি রইলো না গতরাতে রুমির সাথে কী ঘটেছে। রুমির জ্ঞান ফেরার পর মা তাকে গোসল করিয়ে জামা কাপড় পালটে দিলেন। আশে পাশের মানুষও ঘরে ভিড় করছে। একের পর এক প্রশ্ন তাকে ক্ষত-বিক্ষত করছে। সে নিশ্চুপ। কেউ থানা পুলিশের কথা বলছে। কেউ বলছে সাংবাদিক খবর দিতে। যেন এক তামাশা। কে করেছে কীভাবে করেছে কখন করেছে ইত্যাদি। রুমি আর এসব নিতে পারছে না। আর্থিক অবস্থা খারাপ বলে তার বাবা থানা পুলিশ কিছুই করলো না। মেয়েকে বললো, চেপে যা। কারো নাম নিতে হবে না। যা হবার হয়ে গেছে। আমরা পারবো না কারো সাথে। সকাল বিকেল সন্ধ্যা গড়িয়ে এখন রাত। সারাদিন রুমি কিছু খায়নি। রাতে তার মা এসে বললো, ভাত খাও এসে। তখন কত করে বলেছি এত রাত করো না। মেয়ে মানুষের এত্ত সাহস ভালো না। এবার হলো তো। তোমার কারণে আমাদের গলায় দড়ি দিতে হবে। আমার হয়েছে মরণ। বলতে বলতে মা চলে গেলেন। শরীরের যন্ত্রণাটা বোধহয় আর করছে না রুমির। মনের ভেতর এক অসহনীয় যন্ত্রণা। ঝট করে সে রুমের দরোজা লাগিয়ে দিলো। ড্র‍য়ার থেকে কাগজ কলম নিয়ে লিখলো, অভাবের সাথে যুদ্ধ করাটা সত্যিই অনেক কঠিন। আমি বাবার ছেলে হতে চেয়েছিলাম। কিন্তু হেরে গেলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ভালো থেকো তোমরা সবাই।
সকালে অনেক ডাকাডাকির পরও যখন রুমি দরোজা খুললো না তখন হামিদ সাহেব দরোজা ভেঙে দেখলেন রুমি ফ্যানে ঝুলে আছে আর তার টেবিলে সেই সুইসাইড নোট।

No comments